নিবন্ধন করেও টিকা না পাওয়াদের ক্যাম্পেইনে অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দীর্ঘদিন টিকা পেতে নিবন্ধন করেও যারা টিকা পাননি, ক্যাম্পেইনে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেশের করোনা পরিস্থিতি ও টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে এ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এ টিকা ক্যাম্পেইনে, যারা অনেকদিন নিবন্ধন করেছেন কিন্তু টিকা পাননি এবং অপেক্ষায় আছেন, তাদের অবশ্যই আমরা অগ্রাধিকার দেব।
তিনি বলেন, আমাদের টিকার কোনো কোনো ঘাটতি হবে না। এখন আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে, এখন আর জট থাকবে না বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।



