হামলার আশঙ্কায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি), দেশের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বিশেষ নির্দেশ দিয়েছে।
মোদীর সফরকে ঘিরে প্রতিবাদে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ইসলামি দলগুলোর নেতাকর্মীরা। শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর প্রথমে বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়। এরপর সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সড়ক অবরোধ করে রাখে ওই এলাকার কুতুবখালী মাদরাসার শিক্ষার্থীরা।
এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) দেশের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বিশেষ নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার রাতে পুলিশ সদর দফতর ও ডিএমপি থেকে বিশেষ এ নির্দেশনা দেয়া হয় বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীতে কর্মরত ৮টি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এবং সহকারী পুলিশ কমিশনারদের (এসি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ডিএমপির থানাগুলোতে পুলিশ ফাঁড়ি ও বক্সে যেকোনো সময় হামলার ঘটনা ঘটতে পারে। এজন্য এসব স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়াতে হবে। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাতে ও শনিবার (২৭ মার্চ) সকালে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানানো হয়।



