Leadফলোআপ

হাদি হত্যার বিচার কি তবে সাগর-রুনি মামলার পথেই?

➤ তদন্তের গোলকধাঁধা: চার্জশিটের নামে কালক্ষেপণ

➤ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার (০২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

হাদির বন্ধু, স্বজনদের প্রশ্ন, বাংলাদেশের অন্যতম আলোচিত হত্যাকাণ্ড সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো অতীিতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। ওসমান হাদির মামলাও কি সেই একই পথে এগুচ্ছে?

সর্বশেষ তথ্যমতে, সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৫ বারের মতো পেছানো হয়েছে। অন্যদিকে, আদালতে শরীফ ওসমান হাদির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ইতিমধ্যে ১১ বারের মতো পেছাল।

আদালত সূত্রে জানা গেছে, এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

এর আগে, গত ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের একই আদালতে ডিবির দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করেন। আদালত জাবেরের নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওইদিন দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিলেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এদিকে, হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীরকে গত ৭ মার্চ রাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। ৮ মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদি পরে ‘ইনকিলাব মঞ্চ’ গড়ে তুলে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আলোচনায় আসেন। বিভিন্ন টেলিভিশনের টক শোতেও নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন তিনি। তার যুক্তিতর্কের অনেক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

গুলিবিদ্ধ হওয়ার মাসখানেক আগে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন ওসমান হাদি। তিনি গত নভেম্বরে নিজের ফেসবুক পেজে বলেছিলেন, দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে ফোনকল করে এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগের ‘খুনি’ ক্যাডাররা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ‘পোস্টার বয়’ ছিলেন খ্যাত শরীফ ওসমান বিন হাদি। গেল ডিসেম্বরে তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি আটক হন। এ ঘটনায় দেশজুড়ে নতুন করে আলোচনায় এসেছে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি।

প্রধান অভিযুক্ত গ্রেফতারের পর দীর্ঘ প্রতীক্ষিত ও আলোচিত এই মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার কথা, বাস্তবে হয়েছে ঠিক তার উল্টো। আসামি গ্রেফতারের পর যেখানে মামলার তদন্তে গতি আসার কথা, সেখানে রহস্যজনকভাবে এই মামলার তদন্ত প্রতিবেদন সপ্তমবারের মতো পিছিয়েছে।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যে ‘ইনকিলাব মঞ্চ’ ও হাদির মতাদর্শিক সমর্থকরা এই বিচার দাবিতে একসময় রাজপথ অচল করে দিয়েছিল, তাদের মধ্যে এখন কোনো উচ্ছ্বাস বা নতুন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। বিচারের দাবিতে সোচ্চার থাকা এই গোষ্ঠীগুলোর হঠাৎ নীরবতা এবং তদন্তের মন্থর গতি জনমনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—হাদি হত্যাকাণ্ডের বিচার কি তবে রাজনীতির মারপ্যাঁচে আটকা পড়ে গেল?

জানা যায়, ফয়সালের বিরুদ্ধে আগেই ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করেছিল বাংলাদেশ সরকার। এটি ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তাকে শনাক্ত করতে বড় ভূমিকা রেখেছে। পুলিশ সদর দপ্তর এবং তদন্তকারী সংস্থা সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, ফয়সালকে ফিরে পাওয়া এই মামলার জট খোলার একমাত্র চাবিকাঠি।

এদিকে হাদির পরিবারও তদন্তের গতি নিয়ে সন্দিহান। হাদির বোন মাসুমা হাদি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আক্ষেপ করে বলেন, ‘সরকার আমাদের আর্থিক সহায়তা ও ফ্ল্যাট দিয়ে সাহায্য করতে চেয়ছিল, কিন্তু আমাদের প্রধান দাবি ছিল বিচার। মূল শ্যুটার ধরা পড়লেও তার পেছনের পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।’

Related Articles

Leave a Reply

Back to top button