বিশ্ব

টিকার জরুরি অনুমোদনের আবেদন ফাইজারের

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে, করোনার চিকিৎসায় টিকা ব্যবহারে জরুরি অনুমোদন চেয়ে আবেদন পত্র জমা দিয়েছে ফাইজার ও বায়োএনটেক।

শুক্রবার (২০ নভেম্বর) এফডিএ কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন পত্র জমা দেয় তারা।

শুক্রবার এক ভিডিও বার্তায় ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা বলেন, অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে…কিছু স্বস্তির সঙ্গেও আপনাদের জানাচ্ছি, আমাদের কোভিড-১৯ টিকার জরুরি অনুমোদনের আবেদন এখন এফডিএ কর্তৃপক্ষে হাতে।”

তবে কবে নাগাদ এর অনুমোদন পাওয়া যাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও যুক্তরাষ্ট্র সরকার আশা করছে, ডিসেম্বরের প্রথমার্ধেই টিকার অনুমোদন পাওয়া যাবে।

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এবং তাদের পার্টনার জার্মান ওষুধ কোম্পানি বায়োএনটেক বুধবার (১৮ নভেম্বর) তাদের কোভিড-১৯ টিকা মানবদেহে অ্যান্টিবডি তৈরিতে ৯৫ শতাংশ কার্যকর বলে ঘোষণা দেয়। আর ৬৫ বছরের বেশি বয়সের মানুষদের বেলায় তা ৯৪ শতাংশের বেশি কার্যকর। এই বয়সের মানুষদেরই কোভিড-১৯ এ মৃত্যুর ঝুঁকি সব থেকে বেশি।

যদি এফডিএ ডিসেম্বরের মাসের প্রথমার্ধে টিকার অনুমোদন দিয়ে দেয় তবে ‘অনুমোদন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা টিকা বিতরণ করতে প্রস্তুত আছে’ বলে জানায় ফাইজার ও বায়োএনটেক।

সিইও বোরলা বৃহস্পতিবার বলেন, বিশ্বের হাতে কোভিড-১৯ এর একটি টিকা তুলে দিতে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, টিকার জরুরি ব্যবহারের আবেদন সেই যাত্রা পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সূত্র: রয়টার্স ও ব্লুমবার্গ

 

Related Articles

Leave a Reply

Back to top button