বাংলাদেশ

হজের প্রথম ফ্লাইট আগামীকাল, যাচ্ছেন ৪১৫ যাত্রী

আগামীকাল রবিবার (৫ জুন) চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে।

শনিবার (৪ জুন) সরকারি হজযাত্রীর প্রথম ফ্লাইটের তালিকা থেকে গণমাধ্যমকে জানানো হয়, আগামীকাল সকাল ৯টায় প্রথম ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৪১৫ জন হজযাত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ দিয়ে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য প্রথম ফ্লাইট পরিচালিত হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ‘উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে রবিবার সকালে বিমানের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীও থাকবেন। ওনারা হজযাত্রীদের বিদায় জানাবেন এবং দোয়া করা হবে।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। আর আগামী ১৪ জুলাই শুরু হয়ে ১৪ আগস্ট শেষ হবে, হজ শেষে ফিরতি ফ্লাইট।

Related Articles

Leave a Reply

Back to top button