গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি, প্রতি ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের দাম ৩ টাকা ১১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। সুপারিশ অনুযায়ী প্রতি ঘনমিটার গ্যাসের দাম পড়বে ১২ টাকা ৪৭ পয়সা।
সোমবার (২১ মার্চ) রাজধানীর বিয়াম অডিটরিয়ামে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানিতে এ সুপারিশ করা হয়। কারিগরি মূল্যায়ন কমিটির আহ্বায়ক পরিচালক (গ্যাস) দিদারুল আলম এ সুপারিশ করেন।
কারিগরি কমিটির প্রধান বলেন, আমরা ২০২১-২২ অর্থবছরের গ্যাস আমদানির রিয়েল ডাটা যাচাই করেছি। সে হিসাবেই এই দামের সুপারিশ করেছি।
এর আগে ১৫ টাকা ৩০ পয়সা গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি হচ্ছে ৯ টাকা ৩৬ পয়সায়।
চারদিনের গণশুনানির পর ৩০ কার্যদিবসের মধ্যে গ্যাসের নতুন দাম জানাবে বিইআরসি।
গণশুনানির প্রথম দিনে উপস্থিত ছিলেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক। এছাড়া পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



