
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, স্বাস্থ্যখাতে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা পর্যায়ক্রমে তৃণমূলে ছড়িয়ে যাবে ।
বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সরকারি বাসভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অভিযান চলবে অনিয়মের আবর্তে থাকা অন্যান্য খাতেও। কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। দলীয় পরিচয় দিয়ে অনিয়ম ঢাকা যাবে না। শেখ হাসিনা জনগণের মনের ভাষা বুঝেন। তার কাছে কোন অপরাধীর ছাড় নেই।
যার যার বিবেকের কাছে নিজেকে পরিশুদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অসহায় মানুষের হক নষ্ট না করে তাদের পাশে থাকতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ।
ওবায়দুল কাদের বলেন, ২০০৭ সালের এদিনে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জনগণের অধিকার আদায়ের কন্ঠস্বরকে অবরুদ্ধ করে দীর্ঘ ১১ মাস। আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতিকূলতার স্রোত মাড়ানো আন্দোলনের মধ্য দিয়ে ২০০৮ সালের ১০ই জুন কারামুক্ত হন বাঙালির আশার বাতিঘর। সমৃদ্ধ বাংলাদেশের রুপকার শেখ হাসিনা।
তিনি বলেন, পিতা মুজিবের পথ অনুসরণ করে দেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত মানুষের আশার প্রদীপ শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেদিন শেখ হাসিনাকে বন্দী করে যারা রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিলো, রাজনীতির হাত থেকে জনমানুষের মুক্তির লড়াইকে রুদ্ধ করতে চেয়েছিলো তারা ১১ মাসে বুঝেছে মুক্ত শেখ হাসিনার চেয়ে বন্দী শেখ হাসিনা অনেক শক্তিশালী। দেশ ও জাতির যে কোনো সংকটে শেখ হাসিনার মানবিক নেতৃত্ব ও দক্ষতার উপর জনগণের দৃঢ় আস্থা রয়েছে।
সড়কমন্ত্রী বলেন, করোনার এ সংকটের আঁধার মাড়িয়ে দঢ় মনোবল নিয়ে বীরের জাতি হিসেবে বাঙালি আবার ঘুরে দাঁড়াবে। সংকটকে সম্ভাবনায় রুপ দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে আবারও গতি সঞ্চার হবে শেখ হাসিনার নেতৃত্বে।



