বাংলাদেশ

সাংবাদিক রোজিনা আক্রোশের শিকার: মতিউর রহমান

‘স্বাস্থ্য বিভাগ নিয়ে রোজিনা ইসলামের অনুসন্ধানী প্রতিবেদনের কারণেই তিনি আক্রোশের শিকার হয়েছেন বলে জানিয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এ সময় ঘটনার সঠিক বিচারের সঙ্গে সঙ্গে রোজিনাকে নির্যাতনকারীদের যথাযথ শাস্তির আওতায় আনার দাবি জানান প্রথম আলোর সম্পাদক।

তিনি বলেন, বিষয়টি এখন যেহেতু আইনের দিকে গেছে, আমরা আইনিভাবে এটাকে মোকাবিলা করবো। আমরা আদালতের ওপর ভরসা রাখি। আশা করি, আমরা ন্যায়বিচার পাব।

প্রথম আলোর সহযোগী সম্পাদক ও লেখক আনিসুল হক বলেন, স্বাধীন সাংবাদিকতা বজায় রাখতে এ মামলা প্রত্যাহার এবং রোজিনার হেনস্তাকারীদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের ওপর শারীরিক ও মানসিক হেনস্তা করা হয়েছে। রোজিনাকে হেনস্তা করে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বেশি ক্ষুণ্ন করা হয়েছে। এটা কোনো রাষ্ট্রবিরোধী, সরকারবিরোধী বা গণবিরোধী তৎপরতা নয়। সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর ওপর তো আস্থা রাখতে হবে।

অংশগ্রহণকারী প্রথম আলোর অন্য সাংবাদিকরা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। বলেন, তিনি কোনো অপরাধ না করে এখন কারাগারে থাকবেন, সেটা মেনে নেয়া যায় না।

Related Articles

Leave a Reply

Back to top button