আইপিএল খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে সালমা-জাহানারা

নারী আইপিএলের তৃতীয় আসর খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন তারা।
বুধবার (২১ অক্টোবর) দুপুরের মধ্যেই আমিরাতে পৌঁছে যাবেন সালমা ও জাহানারা। পরে ছয়দিন টুর্নামেন্টের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্টের প্রস্তুতি।
এবারের নারী আইপিএলে প্রথমবারের মতো খেলতে গেলেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন সালমা খাতুন। তিনি খেলবেন ট্রেইলব্ল্যাজার্সের হয়ে। অন্যদিকে গত আসরের মতো এবারও ভেলোসিটির জার্সি গায়ে খেলতে নামবেন স্টাইলিশ পেসার জাহানারা আলম।
আগামী ৪ নভেম্বর শুরু হবে নারী আইপিএলের তৃতীয় আসরের খেলা। প্রথমদিন মাঠে নামবে জাহানারার ভেলোসিটি ও বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাস। পরদিনই মুখোমুখি হবে সালমা-জাহানারার ট্রেইলব্ল্যাজার্স ও ভেলোসিটি। ৯ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।



