বাংলাদেশ

সংসদে স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেয়ার দাবি

দেশে করোনা ভাইরাসের মহামারী মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ব্যর্থ দাবি করে তাকে সরিয়ে দেয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে।

মঙ্গলবার (৩০ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থ-বছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা এই দাবি জানান।

এছাড়াও এসব সাংসদরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাব নিয়ে স্বাস্থ্য ব্যবস্থার কঠোর সমালোচনা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এই আলোচনায় অংশ নেন- জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান, মুজিবুর রহমান (চুন্নু), রওশন আরা মান্নান এবং বিএনপির মো. হারুনুর রশীদ।

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, দেশের স্বাস্থ্য খাত দুরবস্থার মধ্যে আছে। মানুষ চিকিৎসা বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, ‘আমি গ্রামে গ্রামে ঘুরি। গ্রামের মানুষ আমাকে বলেছেন, আপনি তো সংসদে কথা বলতে পারেন। আপনি প্রধানমন্ত্রীকে বলবেন, স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য কোনো মন্ত্রণালয়ে দিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে দেয়ার কথা বলেছেন সাধারণ জনগণ। আমি প্রধানমন্ত্রীকে মানুষের এই কথাটি জানালাম।

এর আগে বিএনপির সংসদ সদস্য মো. হারুন অর রশীদ সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন। এই দাবি তুলে তিনি বলেছিলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থা-অনিয়ম চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button