
➤ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে তারিখে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল আগামী বুধবার (০৮ এপ্রিল) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
সোমবার (০৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আখতার আহমেদ বলেন, “আজকের সভায় মোট পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। এছাড়া নির্বাচনের বিস্তারিত শিডিউল পরবর্তীতে জানানো হবে।”
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জোটের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, “জোটগতভাবে নির্বাচন করছেন ছয়জন স্বতন্ত্র প্রার্থী। যারা একজোট হয়েছেন। এছাড়া বিএনপির সঙ্গে তিন রাজনৈতিক দলের জোট হয়েছে। এরা হলো, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ ও আন্দালিব রহমান পার্থর বিজেপি।
আর জামায়াতের সঙ্গে আছে এনসিপি এবং খেলাফত আন্দোলন। এ ছাড়া রুমিন ফারহানা জোটে যাবেন না বলে জানিয়েছেন। এর ফলে বিএনপির জোট ৩৬টা আসন, জামায়াত জোট ১৩টা আসন ও স্বতন্ত্র জোট একটি আসন পাবে।”
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যু, বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতার কারণে সেখানকার ফলাফল এখনো ঘোষণা করেন ইসি।
বর্তমানে সংসদে বিএনপির আসন ২০৮, জামায়াতের ৬৮, এনসিপির ছয়জন, এছাড়া অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও আসন পেয়েছেন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হয়। কোনো কারণে বণ্টন করা আসনসংখ্যা মোট আসনের চেয়ে বেড়ে গেলে ভগ্নাংশের হিসাবে হেরফের হতে পারে। আইনে কোনো কোনো ক্ষেত্রে লটারির বিধানও রয়েছে।

বিএনপি-জামায়াতের পাশাপাশি স্বতন্ত্রদেরও জোট
সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র সংসদ সদস্যরাও জোট গঠনের পথে হাঁটছেন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া চিঠি ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জোটভিত্তিক এই সমীকরণে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মতোই ছয় স্বতন্ত্র সংসদ সদস্যও সংরক্ষিত নারী আসনে একজনকে মনোনীত করতে যাচ্ছেন।
ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখা থেকে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট–উভয়ই সংরক্ষিত নারী আসনের নির্বাচনেও তাদের আগের জোট কাঠামো বহাল রাখছে। ফলে সংসদ নির্বাচনে যে রাজনৈতিক সমীকরণ ছিল, সেটিই এখানে কার্যকর থাকছে।
আর স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাতজন এমপির মধ্যে ছয়জন একটি পৃথক জোট গঠন করেছেন। এই জোট সংরক্ষিত নারী আসনে সম্মিলিতভাবে একজন প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আইন অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিনিধিত্বকারী সব দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে নিজেদের জোটগত অবস্থান জানতে চায় ইসি। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। সে হিসাবে আগামী ১৪ মে’র মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
কোন জোটের কত আসন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। কোনো কারণে বণ্টন করা আসনসংখ্যা মোট আসনের চেয়ে বেড়ে গেলে ভগ্নাংশের হিসাবে হেরফের হতে পারে। আইনে কোনো কোনো ক্ষেত্রে লটারির বিধানও রয়েছে।
এবার হিসাব করা হচ্ছে ২৯৭টি আসনের ভিত্তিতে। কারণ, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল আদালতের আদেশে স্থগিত রয়েছে। সে হিসাবে বিএনপি ২০৯টি সাধারণ আসন নিয়ে আনুমানিক ৩৫টি সংরক্ষিত আসন পাবে। তবে তাদের জোটসঙ্গী গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলনকে সঙ্গে নিয়ে এ সংখ্যা বেড়ে ৩৬-এ দাঁড়াবে।
অন্যদিকে, ৬৮টি আসন পাওয়া জামায়াতে ইসলামী সংবিধান অনুযায়ী এককভাবে প্রায় ১১টি সংরক্ষিত আসনের অধিকারী। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসকে নিয়ে তাদের জোটগত সংখ্যা দাঁড়াচ্ছে ১৩-তে।
এ দুই জোটের বাইরে নির্বাচিত সাত স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ছয়জন ইসিতে জোটবদ্ধ থাকার চিঠি দিয়েছেন। ফলে সংরক্ষিত আসনে তারা মনোনয়ন দিতে পারবে একজনকে। আর স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওলি উল্লাহ কোনো জোটে যুক্ত হননি।
সব মিলিয়ে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে থাকলেও জোটভিত্তিক সমীকরণ, আনুপাতিক বণ্টন এবং প্রার্থী মনোনয়নের ধরন মিলিয়ে এটি কার্যত একটি পূর্বনির্ধারিত প্রক্রিয়ায় পরিণত হচ্ছে, যেখানে ভোটের আনুষ্ঠানিকতা থাকলেও প্রতিদ্বন্দ্বিতা খুব সীমিত।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ০৬ এপ্রিল ২০২৬



