শ্রীলংকাকে ১৭৬ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

এশিয়া কাপ সুপার ফোরের প্রথম ম্যাচে শারজায় শ্রীলঙ্কাকে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
এবারের এশিয়া কাপে দারুণ ছন্দে আছে আফগানিস্তান। গ্রুপপর্বে দুই ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে মোহাম্মদ নাবির দল। গ্রুপপর্বে তারা একবার হারিয়েছিল শ্রীলংকাকে। আবার সেই শ্রীলংকার মুখোমুখি হয়ে ভালো সূচনা করে আফগানিস্তান। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় আফগানরা।
শুরুতে দুই ওপেনারের ব্যাটে পাওয়ার-প্লে তে দারুণ শুরু পায় আফগানরা।
এর মাঝে অবশ্য তৃতীয় ওভারের পঞ্চম বলে মাত্র ৪ রানের মাথায় জীবন পান রহমানউল্লাহ গুরবাজ। আম্পায়ারের সফট সিগনাল আউট পেয়ে মাঠ ছাড়ছিলেন গুরবাজ তবে বাউন্ডারি লাইন ক্রস না করে আবেদন জানান পুনরায় দেখার। রিভিউতে দেখা যায় ক্যাচ নেয়ার পর গুনাথিলাকার পা লেগে যায় বাউন্ডারি লাইনে।
জীবন পেয়ে গুরবাজ রীতিমত ঝড় তুলেন লঙ্কান বোলারদের ওপর। মাত্র ২২ বলে পূর্ণ করেন দেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি। এর আগে ২০১৬ সালে আরব আমিরাতের বিপক্ষে নাজিবুল্লাহ জাদরান ফিফটি হাঁকান ২২ বলে।
ফিফটি হাঁকিয়ে গুরবাজ ছুটেন শতকের পথে। ইবরাহিম জাদরানকে নিয়ে বাঁধেন ৯৩ (৬৪) রানের জুটি। শেষ পর্যন্ত জুটি ভাঙে ৪৫ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৮৪ রান করা গুরবাজের বিদায়ে। আসিথা ফার্নান্দোর বলে গুরবাজ ক্যাচ দেন ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে। ইবরাহিম জাদরানকে ৪০ রানে ফেরান হাসারাঙ্গা।
দলীয় ১৫১ রানের মাথায় জাদরানের বিদায়ের পর ১ রানে ফেরেন মোহাম্মদ নবী। এরপর ১৭ রানে নাজিবুল্লাহ জাদরান ফেরেন রান আউট হয়ে। তবে শেষ দিকে রশিদ খানের ৯ রানে ৬ উইকেটে ১৭৫ রান তুলেছে আফগানিস্তান।শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন দিলশান মাধুশাঙ্কা।
সব মিলিয়ে ২০ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৬ উইকেটে ১৭৫ রান। অর্থাৎ জিততে হলে শ্রীলংকাকে করতে হবে ১৭৬।



