শেষরক্ষা হবে না, হিসাব দিতেই হবে: সরকারকে রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধীদলের নেতাকর্মীদের ওপর ‘যতই নিপীড়ন চালানো হোক, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হোক- এ সরকারের শেষরক্ষা হবে না। এর হিসাব একদিন জনগণকে দিতে হবে।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান সরকারের হাতে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ শিপুর স্ত্রী অসুস্থ হাসিনা মোর্শেদ কাকলিকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউকে মহিলা দলের পক্ষ থেকে এ অনুদান দেয়া হয়।
এসময় রুহুল কবির রিজভী বলেন, তিনি বলেছেন, ‘এই করোনাকালে সারা দেশে বিএনপির পক্ষ থেকে ত্রাণসহ নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বন্যাসহ নানা দুর্যোগে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপির নেতাকর্মীরা নিজস্ব অর্থ দিয়ে সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারকে নানাভাবে সহায়তা করছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবসময় অসুস্থ, নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও গরিব মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়।’
তিনি বলেন, সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশজুড়ে বিচারবহির্ভূত যে হিড়িক চালাচ্ছে মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদও এমন একটি বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার। হাজার হাজার নেতাকর্মীকে তেমনিভাবে গুম করা হয়েছে।



