বাংলাদেশবিশ্ব

আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫-তম অধিবেশনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন।

সোমবার (২১ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে, এ অধিবেশনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫-তম অধিবেশন নিউইয়র্কস্থ জাতিসংঘ সদরদপ্তরে শুরু হয়েছে। এই অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব আগামী ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখ থেকে অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ মহামারীর প্রকোপের কারণে এবারের অধিবেশন পূর্ববর্তী বছরগুলো থেকে একেবারেই ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য বিধিমালা অনুসরণ করে জাতিসংঘের ইতিহাসে এই প্রথম ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্য রাষ্ট্রসমূহ নিজ নিজ দেশ থেকে এবারের সভায় অংশগ্রহণ করবেন।

তিনি জানান, এবারের অধিবেশন চলাকালে ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।প্রতিবারের মত এবারও মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা দেবেন। বক্তৃতায় স্বাভাবিকভাবেই কোভিড-১৯ দমনে বিশ্ববাসীর সম্মিলিত প্রচেষ্টার আবশ্যকতা, ভ্যাক্সিনের প্রাপ্যতা নিশ্চিতকরণ, এবং জনগণের সুরক্ষা নিশ্চিত ও দুর্দশা দমনে আমাদের গৃহীত কার্যক্রম প্রাধান্য পাবে। পাশাপাশি, জলবায়ূ পরিবর্তন, প্রযুক্তির আদান প্রদান, অভিবাসী শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, শিশু স্বাস্থ্য ও তাদের অধিকার, শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ, এবং নারীর ক্ষমতায়ণের মতো বিষয়সমূহ উঠে আসবে। তাছাড়া, প্রতিবারের মত রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবাসনের বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পাবে।

এ বছর সাধারণ বিতর্কের মূল প্রতিপাদ্য হচ্ছেঃ“The future we want, the United Nations we need: reaffirming our collective commitment to multilateralism ∑ confronting COVID-19 through effective multilateral action”। মূলত, ২০২০ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি ও মহামারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবকে উপজীব্য করে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এবারের অধিবেশনটি বেশ কিছু কারণে তাৎপর্যপূর্ণ। কারণগুলো হলো:

প্রথমতঃ এবছর জাতিসংঘের ৭৫ বছর পূর্তি। জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তিতে অনুষ্ঠিতব্য এই অধিবেশন যেমন বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বহুপাক্ষিকতাবাদের প্রাসঙ্গিকতাকে সামনে নিয়ে আসবে তেমনি বিশ্ব নেতৃবৃন্দ আগামী বছরগুলোতে কি ধরনের জাতিসংঘ দেখতে চান সে বিষয়ে তাঁদের অভিমত, চিন্তাধারা ও পরিকল্পনা তুলে ধরবেন।

দ্বিতীয়তঃ কোভিড-১৯ মহামারী দমনে রাষ্ট্রসমূহের সমন্বিত কার্যক্রম পরিচালনার বিষয়টিও এবারের অন্যতম আলোচিত বিষয় হিসেবে গণ্য হচ্ছে। বিশেষ করে কোভিড-১৯ দমনে রাষ্ট্রসমূহের উদ্যোগ, কোভিড-১৯ এর ফলে সৃষ্ট অসমতা, স্বল্পোন্নত ও অভিবাসী প্রেরণকারী দেশ সমূহের উপর এর দীর্ঘ মেয়াদি প্রভাব ও অর্থনৈতিক বিপর্যয়সহ নানবিধ সমস্যা মোকাবেলা এবং কোভিড-১৯ পরবর্তী সময়ে রাষ্ট্রসমূহের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়সমূহ নিয়ে এবারের অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হবে।

তৃতীয়তঃ মহামারী প্রতিরোধের উপর গুরুত্বারোপ করার কারণে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন প্রচেষ্টা যাতে ব্যহত না হয় এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও কোভিড-১৯ দমন যাতে সমান গুরুত্বের সাথে বিবেচিত হয় এবং গ্রাজুয়েটিং দেশগুলোর গ্রাজুয়েশন প্রক্রিয়াকে টেকসই করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে উন্নয়ন সহযোগীদের সহায়তার বিষয়সমূহও এবারের অধিবেশনে উঠে আসবে।

চতুর্থতঃ প্রতিবারের মত এবারও জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যাটি তুলে ধরবে। বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ বিষয়ে সাম্প্রতিক সময়ে আইসিজেতে চলমান মামলা এবং আইসিসিতে রোহিঙ্গা নির্যাতনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার কারণে এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যা পূর্বের বছরগুলোর মতই গুরুত্বসহকারে আলোচিত হবে।

পঞ্চমতঃ এ বছর, ১৯৯৫ সালে বেইজিং এ অনুষ্ঠিত World Conference on Women-এর ২৫ বছর পূর্তি। এ প্রেক্ষিতে এবারের অধিবেশনে নারীর ক্ষমতায়ণ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারী নির্যাতন প্রতিরোধের মত বিষয়সমূহ ব্যপকভাবে আলোচিত হবে।

সাধারণ বিতর্ক পর্বের পাশাপাশি গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button