শনিবারের সংঘর্ষ-আগুনের ঘটনায় ৭ শতাধিক আটক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর বিভিন্ন স্থানে শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৭ শতাধিক মানুষকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ‘আটকদের মধ্যে যারা জড়িত থাকবে না তাদের থানা থেকেই ছেড়ে দেওয়া হবে।’
রবিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি এর আগেও ১৩-১৪ তে সহিংসতা সৃষ্টি করেছে। অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, জ্বালাও-পোড়াও শুরু করেছিল। নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে এবং গরু-ছাগলও বাদ পড়েনি। গাড়ি-ঘোড়া, মানুষের বাড়িঘর পুড়িয়ে তারা জনবিচ্ছিন্ন হয়েছে। তারা যদি এই কাজটি আবারও করে, তবে তারা জনবিচ্ছিন্ন হবে।’
আটকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ৭০০ এর বেশি হাতেনাতে আমরা ধরেছি। আমাদের পুলিশ হাতেনাতে ধরেছে। আগুন ধরিয়ে দিতে যারা গিয়েছিল তাদেরও ধরা হয়েছে। এখন সব জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, এটারও আমরা সাহায্য নিচ্ছি।
জনগণও এ ধরনের দুষ্কৃতকারীদের ধরিয়ে দিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।’



