লাদাখে চীনের হামলা, এক কর্ণেলসহ তিন ভারতীয় সৈন্য নিহত

লাদাখের হিমালয় অঞ্চলে চীনা সেনাদের সাথে “মুখোমুখি সহিংসতায়” এক কর্ণেলসহ তিন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র। খবর আল জাজিরা।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৫ জুন) রাতে গালওয়ান ভ্যালিতে এই ঘটনা ঘটেছে। অঞ্চলটিতে কয়েক সপ্তাহ ধরেই ক্রমবর্ধমান উত্তেজনা চলছে। একইসাথে সেখানে উভয় পক্ষ কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন রয়েছে।
সেনাবাহিনীর ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, গালওয়ান উপত্যকায় চলমান ডি-এস্কেলেশন প্রক্রিয়ার মধ্যেই সোমবার রাতে মুখোমুখি একটি সহিংস ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতের এক কর্মকর্তা ও দু’জন সৈন্য নিহত হয়েছে। নিহত কমান্ডিং অফিসার কর্ণেল ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গালওয়ান উপত্যকায় চলমান উত্তেজনা হ্রাস করতে দু’পক্ষের সিনিয়র সামরিক কর্মকর্তারা সেখানে বৈঠক করছেন।



