বাংলাদেশ

চার কোম্পানি শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ জমা দিলো ৬ কোটি ৯৫ লাখ টাকা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে চার কোম্পানি- মেঘনা পেট্রোলিয়াম, সিমেন্ট কোম্পানি লাফার্জ হোলসিম, ইস্পাত কোম্পানি বিএসআরএম এবং অক্সিজেন লিন্ডে বাংলাদেশ গত এক বছরের লভ্যাংশ জমা দিয়েছে ৬ কোটি ৯৫ লাখ টাকা।

আজ বুধবার সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে সাক্ষাৎ করে কোম্পানি চারটির প্রতিনিধিদল নিজ নিজ কোম্পানির পক্ষে প্রতিমন্ত্রীর হাতে ৬ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ০৪ টাকার চেক তুলে দেন।

লাফার্জ হোলসিম এর পক্ষে চিফ করপোরেট এ্যাফেয়ার্স অফিসার এবং মানবসম্পদ পরিচালক আসিফ ভূঁইয়ার নেতৃত্বে ২ কোটি ২৫ লাখ ৯২ হাজার ২৭ টাকার, বিএসআরএম এর পক্ষে হেড অব করপোরেট এ্যাফের্য়াস সৌমিত্র কুমার মুৎসুদ্দির নেতৃত্বে ১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৯৩ টাকার, মেঘনা পেট্রোলিয়াম এর পক্ষে জসিম উদ্দিন ১ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৬৮৪ টাকার এবং অক্সিজেন কোম্পানি লিন্ডে বাংলাদেশের পক্ষে মানবসম্পদ বিভাগের সহযোগী পরিচালক সাইকা মাজেদ এর নেতৃত্বে ৭৮ লাখ ৬৫ হাজার টাকার চেক জমা দেন।

দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে ২৬৫টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। আজ পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ প্রায় ৭’শ ৪৭ কোটি টাকা। শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সরকার ফাউন্ডেশন তহবিল গঠন করে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ১৫,২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, বিএসআরএম এর আইআর এবং এমপ্লোয়ী এনগেজমেন্ট সিনিয়র ম্যানেজার মো. ইসমাইল, মেঘনা পেট্রোলিায়াম এর সহকারী জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন আহমেদ এবং লিন্ডে বাংলাদেশ এর আইআর ও এডমিন এর সহযোগি জেনারেল ম্যানেজার সুফিয়া ওয়াহেদ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button