বিএনপি’র নেতারা আওয়ামী লীগে যোগ দিতে যোগাযোগ করছেন: ওবায়দুল কাদের

বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য যোগাযোগ করছেন বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার ৩ জুলাই সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব বিএনপি দেখছে, তা দুঃস্বপ্ন মাত্র। উল্টো এখন বিএনপি’র সর্ব পর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য গোপনে যোগাযোগ করছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে যেমনি তারা নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিলো তেমনি হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখনও মরিয়া হয়ে অন্ধকার গলিতে হাঁটছে।
ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার, তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বুঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে।
ক্ষমতায় থাকাকালীন জনগণের অধিকার হরণ করাই ছিলো বিএনপি’র রাজনীতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপরদিকে অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি।
সেতুমন্ত্রী বলেন, মানুষের দুঃখ-কষ্ট এবং অসহায় খেটে খাওয়া জনগনের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনা বিএনপি’র জনবিচ্ছিন্ন ও অদূরদর্শী রাজনৈতিক ভাবনা বলেই জনগণ মনে করে। তিনি বলেন, ভরা বর্ষায় বিএনপি’র এসব হাঁক-ডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা।
জনগণকে টিকা গ্রহণের পাশাপাশি সংক্রমণের উচ্চহার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চলমান লকডাউনে নিজ ঘরে থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



