বিশ্ব

রাশিয়া সীমান্তে উত্তেজনা, প্রথম সেনা নিহতের খবর দিল ইউক্রেন

সীমান্তে উত্তেজনার মধ্যেই শনিবার, পূর্ব ইউক্রেনে ইউক্রেনের এক সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। খবর: এএফপি’র।

বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে জানা যায়, সেনার মৃত্যুর পিছনে রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে ইউক্রেন।

এদিকে সেনার মৃত্যু ইউক্রেনে রুশ হামলার আশঙ্কাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে বলে এএফপি জানিয়েছে।

এদিকে, শনিবার ইউক্রেনের ভেঙে যাওয়া তথাকথিত গণপ্রজাতন্ত্রী দোনেস্কের নেতা বলেছেন, সাবেক সোভিয়েতভুক্ত দেশটিতে যুদ্ধের তীব্র আশঙ্কা তৈরি হওয়ায় তিনি সাধারণ লোকজনকে রাশিয়ায় সরিয়ে নেওয়ার কাজে নেতৃত্ব দেবেন।

গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। সম্প্রতি কিছু সৈন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানালেও এই বক্তব্যের সত্যতা নিয়ে ইতোমধ্যে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ইউরোপীয় সদস্যরা।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, সীমান্তে সেনা উপস্থিতি কমায়নি রাশিয়া, বরং বাড়িয়েছে।

বর্তমান উদ্ভূত পরিস্থিতির একটি কূটনৈতিক সমাধানের পথ বের করতে আগামী ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৈঠক করবেন বলে শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন জো বাইডেন। ইউরোপে হবে এই বৈঠক।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button