
স্বাস্থ্যবিধি ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নীতিমালা অনুসরণ করে আগামী ১৬ জুন থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল।
তবে এটি সীমিত, সীমিত পরিসরে যুক্তরাজ্য ও কাতারে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকা-যুক্তরাজ্য-ঢাকা রুটে যাত্রী পরিবহন করা যাবে। অন্য দিকে দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করা যাবে।
বৃহস্পতিবার (১১ জুন) এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বিরাজমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-যুক্তরাজ্য-ঢাকা রুটে যাত্রী পরিবহন করতে পারবে। কাতার এয়ারওয়েজ দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে।
করোনা ভাইরাসের কারণে প্রথমে ২১-৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। এ সময়সীমা কয়েক দফায় বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়।



