রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্যে বিশ্ব নেতারা

সরকারি বাসভবন বাকিংহাম প্রাসাদ থেকে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শবাধার ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হয়েছে।
আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশ্ব নেতারা শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে রানির শেষকৃত্যের জন্য লন্ডনে আসা শুরু করেছেন। খবর: এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ৭০ বছর শাসন করার পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে মৃত্যুবরণ করেন। বর্তমানে ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন দেখার জন্য রাজ্যের বহু মানুষ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন।
সোমবারের (১৯ সেপ্টেম্বর) অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্রিটেনের পুলিশ সর্বকালের সবচেয়ে বড় নিরাপত্তা অভিযান চালাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহবিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিমানে উঠতে যাচ্ছেন।
প্রসঙ্গত, সোমবার রানির শেষকৃত্যের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের ৫০০ নেতা ও সম্মানিত ব্যক্তি উপস্থিত থাকবেন। এটির আয়োজন করেছেন রাজা তৃতীয় চার্লস। এ শেষকৃত্যের অনুষ্ঠানটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিশ্বনেতাদের জমায়েত হবে।
তবে রাশিয়া, বেলারুশ ও আফগানিস্তানের মতো যুক্তরাজ্যের সঙ্গে বিরোধপূর্ণ দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।



