রাজস্ব বাড়লে ব্যাংক ঋণের ওপর চাপ কমবে: অর্থসচিব

আমাদের রাজস্ব বাড়লে ব্যাংক ঋণের ওপর থেকে চাপ পড়বে না বলে জানিয়েছেন অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার।
আজ শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের পাঁচ ব্যাংকের ২৪ হাজার কোটি টাকা ঘাটতি এবং এরমধ্যে সরকার ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নিলে অর্থনীতিতে কী ধরনের চাপ পড়বে এমন প্রশ্নের জবাবে অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার বলেছেন, আমরা এনবিআরের সক্ষমতা বাড়াচ্ছি। রাজস্ব বাড়লে ব্যাংক ঋণের ওপরে চাপ পড়বে না। তাছাড়া এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী বৈদেশিক ঋণের চাপ কমাতে আমরা অভ্যন্তরীণ উৎসের দিকে আছি।
তিনি বলেন, আসন্ন নতুন বাজেটে ব্যাংক খাত থেকে সরকার ঋণ নেবে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে ৫ হাজার ১০৫ কোটি টাকা বেশি। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাত থেকে নেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা।
অর্থসচিব বলেন, অভ্যন্তরীণ ঋণের সঙ্গে ব্যাংকের অর্থ ঘাটতির কোনো সম্পর্ক নেই। এলডিসি গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে বৈদেশিক ঋণের পরিধি যতটা কমে আসবে তত বেশি অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভর করতে হবে। আবার সঞ্চয়পত্রে সুদহার বেশি হওয়ায় সেখান থেকেও আমরা কম অর্থ নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছি।
তিনি বলেন, আমাদের চলতি অর্থবছরের বাজেট ৭ লাখ ১৪ হাজার কোটি টাকা। এ বছর বাজেট আরও বড় করা যেতো। কিন্তু করতে পারিনি মূল্যস্ফীতির জন্য। মুখে অনেক কিছু বলা যায়, আসলে মূল্যস্ফীতি পরিমাপ করার জন্য কিছু টুলস আছে। তবে আমাদের সাপ্লাই চেইনে একটু সমস্যা রয়েছে। সেগুলো আমরা সমাধানের জন্য চেষ্টা করছি।
সচিব বলেন, আরেকটি বিষয় এসেছে এক্সচেঞ্জ রেট ডিভ্যালিউশন হয়েছে ৩৭ শতাংশ। আসলে এটা হয়েছে ২৭ শতাংশ। সেটার কারণে মূল্যস্ফীতিতে প্রভাব পড়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মূলস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। আমরা আশাবাদী, যেসব উদ্যোগ নিয়েছি তাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। বিশেষ করে ইন্টারেস্ট রেট সাড়ে ৮ শতাংশ করা হয়েছে, যা মূল্যস্ফীতির জন্য গুরুত্বপূর্ণ। এজন্য আমরা আশাবাদী, আগামী বছর আমাদের মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখতে পারব।



