বাংলাদেশ

রংপুরে মঙ্গা যেন ফিরে না আসে, নজর দেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

রংপুরে যেন আবার মঙ্গা ফিরে না আসে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রংপুরে এক সময় মঙ্গা পীড়িত এলাকা ছিল। এখানে যারা একটু স্বচ্ছল পরিবার আছে বা আমাদের জেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী সবাইকে অনুরোধ করব, এ এলাকায় যেন আবার মঙ্গা ফিরে না আসে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন

সোমবার (৪ মে) গণভবন থেকে রংপুর জেলাসহ বিভাগের কয়েকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রংপুর অঞ্চলে যদি দুস্থ লোক থাকে, তাদের সাহায্য করা আমাদের কর্তব্য। আমাদের যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। আর যারা সীমিত বা নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত অনেকেরই হয়তো কিছু অসুবিধা থাকতে পারে, যারা হাত পাততে পারে না, তাদের সহযোগিতার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের একটাই লক্ষ্য, জাতির পিতার যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশটাকে আমরা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ হিসেবে গড়ব। এরই মধ্যে দারিদ্র্য মুক্ত করেছিলাম। সুস্থ পরিবেশ থাকলে এ বছরের মধ্যে অর্থাৎ ২০২১ সালের মধ্যে আরো দারিদ্র্য মুক্ত করতে পারতাম। বিশ্ব করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে।

তবে সবাই মিলে যদি কাজ করি, আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব হবে। এ করোনা দুর্যোগও কাটিয়ে উঠতে সক্ষম হবো বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button