অন্য খবর
যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড সংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’

ঢালিউডের অন্যতম শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’র পর এবার এ নায়িকা নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘অন্তর্জাল’। ২২ সেপ্টেম্বর মুক্তির দিনেই রেকর্ড করতে যাচ্ছে ছবিটি। এক বিজ্ঞপ্তিতে ‘অন্তর্জাল’ টিমের পক্ষ থেকে জানানো হয়, শুধু কানাডা ও যুক্তরাষ্ট্রেই ১৫০টি বিখ্যাত থিয়েটারে ২২ সেপ্টেম্বর থেকে চলবে ‘অন্তর্জাল’।
কানাডা ও আমেরিকায় সিনেমাটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। এর কর্ণধার মোহাম্মদ অলিউল্লাহ সজীব জানান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগানসহ ৩২টি অঙ্গরাজ্যে প্রদর্শিত হবে ছবিটি। আর কানাডার অন্টারিও, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া ও মানিটোবা প্রভিন্সের ৭টি থিয়েটারে দেখা যাবে এটি।
‘অন্তর্জাল’-এর নির্মাতা দীপংকর দীপন এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি বাংলা সিনেমার জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। বিশ্বব্যাপী বাংলা সিনেমা যেভাবে দর্শকের কাছে গ্রহনযোগ্য হচ্ছে এবং প্রবাসী বাঙালি দর্শকেরা সারা বিশ্বে বাংলা ছবিকে যেভাবে ছড়িয়ে দিচ্ছেন তা দেখে আমি সত্যিই খুব উৎসাহিত বোধ করছি। সেই সঙ্গে আমাদের পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোকে অনেক ধন্যবাদ যে, আমার ছবিটাকে তারা কানাডা আমেরিকায় এভাবে পৌঁছে দিচ্ছে।’
নিজের ফেসবুকে এ খবর প্রকাশ করে উচ্ছ্বসিত মিম লিখেছেন, ‘প্রথমবারের মত পুরোপুরি বাংলাদেশে নির্মিত সিনেমা হিসাবে অন্তর্জাল আমেরিকার ও কানাডার ১৫০ টি সিনেমা হলে মুক্তি পেয়ে রেকর্ড গড়েছে। বাংলাদেশের সাথেই ২২ সেপ্টেম্বর আমেরিকার ৩২ টি স্টেট এর ১৪৩ টি থিয়েটারে এবং কানাডার ৪ টি প্রভিন্স এর ৭ টি থিয়েটারে – মোট ১৫০ টি থিয়েটারে মুক্তি পাচ্ছে অন্তর্জাল। এটাই আমেরিকায় পুরোপুরি বাংলাদেশে নির্মিত কোন সিনেমার ইতিহাসের সর্ববৃহৎ থিয়েট্রিক্যাল রিলিজের রেকর্ড।’


