শুধুমাত্র করোনার জন্য নির্ধারিত হাসপাতাল থেকে বাদ হলো সোহরাওয়ার্দী হাসপাতাল

করোনা ভাইরাস শনাক্ত রোগীদের চিকিৎসা করার জন্য নির্ধারিত করা হাসপাতালের তালিকা থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালকে বাদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।
ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, এখন আর শুধুমাত্র করোনার রোগীদের জন্য নয়, জেনারেল হাসপাতাল হিসেবেই সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে শুধুমাত্র করোনার রোগীদের জন্য এ হাসপাতাল নির্ধারিত ঘোষণার পর ৭০ থেকে ৮০ ভাগ প্রস্তুতি শেষ করেছিলাম। চিকিৎসক-নার্সসহ অন্যদের প্রশিক্ষণ, বিভিন্ন কমিটি, অবকাঠামোগত বদল সবই করা হয়েছিল।
তিনি আরো বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (পুরাতান বার্ন ও নতুন ভবন), মুগদা জেনারেল হাসপাতালের মতো বড় হাসপাতালকে কোভিড রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে, কিন্তু জেনারেল রোগীদের জন্য বড় একটি হাসপাতাল প্রয়োজন হবে। এই ভাবনা থেকেই সোহরাওয়ার্দীকে বাদ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। পাশাপাশি, এই এলাকাতে হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু হাসপাতাল, শিশু হাসপাতালসহ অনেকগুলো হাসপাতাল অবস্থিত। তাই এ এলাকা পুরোটাই জেনারেল রাখা হয়েছে। যেন অন্য রোগীদের সাথে করোনার রোগীরা মিলে না যায়।



