বাংলাদেশ

যুক্তরাজ্যের ভিসা পেতে খালেদা জিয়ার কোনও বাধা নেই

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানিয়েছেন, যুক্তরাজ্যের ভিসা পেতে খালেদা জিয়ার কোনও বাধা নেই।

২ মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত সাময়িক মুক্তিতে থাকা বেগম জিয়ার যুক্তরাজ্যের ভিসা পাওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে ডিকসন বলেন, ‘খালেদা জিয়ার পরিবার যুক্তরাজ্যে আছে। খালেদা জিয়ার ভিসা পেতে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনও বাধা নেই।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

তবে ‘বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং বিদেশ যেতে পারবেন না’- এমন শর্ত বহাল রেখে সরকারের নির্বাহী আদেশে দ্বিতীয় মেয়াদে আরও ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিদেশ যেতে সরকারের কাছে আবেদন করতে হবে বেগম খালেদা জিয়াকে । সরকার অনুমতি দিলে তবেই বিদেশ গমন করতে পারবেন তিনি। ফলে সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়াটা অনেকটা সরকারের ইচ্ছে-অনিচ্ছের ওপর নির্ভর করছে।

ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারায় বেগম জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে সরকারের নির্বাহী আদেশে গত ২৫ মার্চ ৬ মাসের জন্য তিনি মুক্তি পান।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট- এই দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button