হাসিনা-মোদী বৈঠকে বড় ইস্যুগুলো তুলে ধরা হবে: পররাষ্ট্রমন্ত্রী

আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বড় ইস্যুগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (১৩ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বেশ কিছু প্রকল্প উদ্বোধন করা হবে বলে আমরা আশা করছি। সেসময় চিলাহাটি-হলদিয়া রুটে ট্রেনলাইন উদ্বোধন করা হবে। এ রুটটি ৫৫ বছর আগে চালু ছিল। সেটা এখন নতুন করে আবার চালু করা হবে। ’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দুই দেশের সীমান্ত যেন শান্তিপূর্ণ থাকে, একইসঙ্গে ভারতের ক্রেডিট লাইনের আওতায় দ্রুত প্রকল্প বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা প্রাধান্য পাবে। দুই দেশের প্রধানমন্ত্রী আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চ্যুয়ালি বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে। এক থেকে দেড় ঘণ্টা এ বৈঠক হতে পারে।



