বাংলাদেশ

মিয়ানমার রোহিঙ্গাদের কখন নেবে বলা মুশকিল: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ’বলপূর্বক বাস্তুচ্যুত’ রোহিঙ্গাদের তাদের দেশ মিয়ানমার কখন ফেরত নিয়ে যাবে তা বলা মুশকিল ।

রোববার (১০ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলামের দুই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রকাশিত বই দুটি হলো- ‘রোহিঙ্গা-নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী ও শেষ সীমান্তের পর কোথায় যাব আমরা’।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা বারবার বলছে, তারা তাদের লোকগুলোকে নিয়ে যাবে। কখনো বলেনি নিয়ে যাবে না। তবে আমরা বলেছি, ঠিক আছে নিয়ে যাও, তবে অবশ্যই তাদের নিরাপত্তা তোমাদের নিশ্চিত করতে হবে।

তারা বলেছে, আমরা তাদের (রোহিঙ্গা) সিকিউরিটি এনশিউর করবো। আমরা তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করছি। কিন্তু দুঃখের বিষয় আজ প্রায় সাড়ে তিন বছর একজন রোহিঙ্গাও ফেরত যায়নি। কারণ তাদের মধ্যে আন্তরিকতার অভাব।’

মিয়ানমার বারবার নানা অজুহাতে আলোচনা পিছিয়ে নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘গত বছর ৩০ জানুয়ারির পর আমাদের বড় মিটিং হয়েছে। এরপর তারা কোভিডের বাহানা দিয়ে, তারপর ইলেকশনের বাহানা দিয়ে এ বিষয়গুলো পিছিয়ে নিয়েছে। এবার তাদের দেশে ইলেকশন শেষ। আমরা আশা করছি যে, আবার নতুন করে আলোচনা শুরু করতে পারবো। আজকেও মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে।’

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ পৃথিবীতে মডেল সৃষ্টি করেছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যারা একাই ১১ লাখ শরণার্থী আশ্রয় দিয়েছে। ইরাক, ইরান ও সিরিয়ার ১০ লাখ শরণার্থীকে ইউরোপের ২৭টি দেশ ভাগ করে নিয়েও সামলাতে হিমশিম খাচ্ছে। এখানে প্রধানমন্ত্রী মানবিক কারণে ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। প্রথমে কিন্তু বিদেশিরা কেউ সাহায্য করেনি। আমাদের এখানকার মানুষরাই তাদের আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে। এই মহানুভবতা আর কোথায় আছে?

ইউরোপের রেনেসাঁ বিপ্লবের আগেই বাঙালিরা মানবতার জয়গান গেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “যখন ১৭০০ খ্রিস্টাব্দে রেনেসাঁ প্রতিষ্ঠিত হয়, তারও আগে এই বঙ্গভূমে চণ্ডিদাস লিখে গেছেন ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’। চণ্ডিদাসের এই ক্যাম্পেইন শুরু হয়েছে যখন, ওই সব দেশ তখন চিন্তাও করেনি। আমরা সেই বাঙালি, আমরা সেই মানুষ। আমরা মানুষ বলেই এতো আগে মানবতার জয়গান গেয়েছি। সম্প্রতি প্রধানমন্ত্রী আমাদের শাশ্বত সত্যকে আবার প্রতিষ্ঠিত রূপ দিয়েছেন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে।”

Related Articles

Leave a Reply

Back to top button