বিসিবির নির্বাচন ৬ অক্টোবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন ক্যাটাগরিতে ২৩ পরিচালক পদে এই নির্বাচন হবে বলে বিসিবি এক বার্তায় জানিয়েছে।
আজ বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আপত্তি গ্রহণ হবে বৃহস্পতিবার সকাল থেকে। বিকেলে হবে শুনানি। একই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করা হবে।
মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ হবে ২৮ সেপ্টেম্বর। আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ দুপুর ২ টায়। একই দিন পোস্টাল ও ই-ব্যালট পাঠানো হবে।
৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। একই দিন প্রাথমিক ফল প্রকাশ। ৭ অক্টোবর বিকেল ৩ টায় চূড়ান্ত ফল প্রকাশ হবে।
গতকাল মঙ্গলবার বিসিবির ১২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আসন্ন নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচন করবেন তিনি। এরপর নির্বাচিত প্রতিনিধিরা যদি তাকে বোর্ড প্রধান হিসেবে দেখতে চান তাহলে সে বিষয়ে পরে ভেবে দেখবেন তিনি।
নাজমুল হাসান বলেন, ‘আজ ১৭৪ জনের মধ্যে ১৭১ জনের ভোটার তালিকা পেয়েছি। তাই এবারের নির্বাচনে ১৭১ জন ভোটার থাকছেন। আমরা লিস্ট নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি।’



