অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
রবিবার ৩ এপ্রিল, সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১২১, ১২২, ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সসমূহের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১২১, ১২২, ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সসমূহের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় সরকার প্রধানের পক্ষে প্রশাসনের নবীন কর্মকর্তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, জনগণ যেন কখনও সেবা থেকে বঞ্চিত না হয়। কারণ তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যই তো এই স্বাধীনতা।
তিনি বলেন, ‘যখনই যে যেখানে দায়িত্ব পালন করবেন মানুষের কথা চিন্তা করবেন, যে এলাকায় কাজ করবেন, সে এলাকা সম্পর্কে জানতে হবে, সে এলাকার মানুষের আচার-আচরণ সম্পর্কে জানতে হবে, জীবন-জীবিকা সম্পর্কে জানতে হবে। কিভাবে তাদের উন্নতি করা যায় সে বিষয়ে আপনাদেরই সবচেয়ে ভালো সুযোগ রয়েছে।’
২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যে রূপকল্প প্রণয়ন করেছে সরকার, তার বাস্তবায়নে প্রশাসনিক কর্মকর্তারাই মূল কারিগর হবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আজকে আপনাদের মধ্যে থেকেই সবাই উচ্চপদে যাবেন, দেশের জন্য আরও আরও উন্নত কাজ করবেন। মাঠ পর্যায়ের কাজের মধ্য দিয়ে যে জ্ঞান লাভ করবেন, যখন উচ্চপর্যায়ে যাবেন আরও বাস্তবভাবে কাজ করতে সুযোগ পাবেন।
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের জন্য বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



