Leadবাংলাদেশ

ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, সফরে গুরুত্ব পাবে দুই দেশের সম্পর্ক

➤ ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে এটি হবে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত যাত্রা বিরতি।

দুই দেশের সম্পর্ক আরও উন্নত করতে মঙ্গলবার (০৭ এপ্রিল) ভারত সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সফরে প্রতিবেশী দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয় প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী দেশের রাজধানীতে এটি প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। যা আঞ্চলিক সম্পৃক্ততায় ঢাকার সক্রিয় অবস্থানকে নির্দেশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এটি একটি সংক্ষিপ্ত সফর। সেখানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন।

সূত্র জানিয়েছে, ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে এটি হবে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত যাত্রা বিরতি।

এই সফরটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে হচ্ছে। যা পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময়কার কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে উভয়পক্ষের আগ্রহকে নির্দেশ করে।

ঢাকার জন্য এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পানিবণ্টন চুক্তি ও জ্বালানি নিরাপত্তাসহ জাতীয় স্বার্থ রক্ষার বিষয়গুলো সার্বভৌম মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

এই সফরে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এই সফরে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি স্থাপন হবে।

এই কূটনৈতিক উদ্যোগটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ঘোষিত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেখানে তিনি সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তোলার কথা বলেছেন। বাংলাদেশের নতুন সরকার চায় দ্বি-পাক্ষিক সম্পর্কের মাধ্যমে জনগণের বাস্তব সুফল নিশ্চিত করতে।

নয়া দিল্লিতে প্রাথমিক কূটনৈতিক উদ্যোগ পরিচালনার পাশাপাশি প্রধানমন্ত্রী নিজেও তার প্রথম বিদেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ভারতে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মরিশাসে যাবেন। যেখানে তিনি বৃহত্তর ভারত মহাসাগর সম্মেলনে বাংলাদেশের স্বার্থ তুলে ধরবেন।

নিউজ নাউ বাংলা/ এনএস/ এফওয়াই/ ০৫ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button