বিশ্ব

ব্রিটেনে মঙ্গলবার থেকে টিকা দেওয়া শুরু

ফাইজারের করোনার টিকা আগামীকাল মঙ্গলবার থেকে দেয়া শুরু হচ্ছে ব্রিটেনে।

ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মঙ্গলবার টিকা দেওয়ার কাজ শুরু করবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে করোনার টিকা পাবেন। টিকা দেওয়ার স্থান হিসেবে ইংল্যান্ডে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডেও মঙ্গলবার থেকে টিকা দেওয়ার কাজ শুরু হবে। এসব জায়গায়ও হাসপাতাল থেকে টিকা দেওয়া হবে।

টিকা প্রদানের কার্যক্রম শুরুকে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক, করোনা একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। করোনা ভাইরাস রুখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ম্যাট হ্যানকক।

ব্রিটেন ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা ব্যবহারের অনুমোদন দেয়। বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর। ব্রিটেনই বিশ্বের প্রথম দেশ, যারা এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বলেছে, ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা মানবদেহের জন্য নিরাপদ।

Related Articles

Leave a Reply

Back to top button