বাংলাদেশ

নির্মাণে ত্রুটি থাকায় ফ্লাইওভারে ফাটল: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম বলেছেন, নির্মাণজনিত ত্রুটি থাকায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এমএ মান্নান ফ্লাইওভারের বাস টার্মিনালমুখী র‍্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

সিটি মেয়র বলেন, ‘ফ্লাইওভারে ফাটল দেখে আমি নিজেই অবাক হয়েছি বলেন ধারণা হচ্ছে, নির্মাণজনিত ত্রুটির কারণে এ ফাটল দেখা দিয়েছে।’

তিনি বলেন, ‘ফাটলের পর ওই সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে। যেহেতু এ ফ্লাইওভার সিডিএ নির্মাণ করেছে, তাই তাদের চিঠি দেওয়া হচ্ছে। তারা তদন্ত করে সিদ্ধান্ত নেবে।

প্রয়োজনে তাদের সব ধরণের সহযোগিতা করা হবে বলেও জানান মেয়র।

জানা গেছে, বহদ্দারহাট ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটল দেখা গেছে শিরোনামে সোমবার (২৫ অক্টোবর) কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে বাস টার্মিনালমুখী র‍্যাম্পে যান চলাচল বন্ধ করে দেয়।

Related Articles

Leave a Reply

Back to top button