স্পোর্টেইনমেন্ট
বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। চলতি বছরের ১৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। সেখানে উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।
১৭ অক্টোবর উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেদিন স্বাগতিক ওমান খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। ১৯ অক্টোবর বাংলাদেশ খেলবে ওমানের বিপক্ষে। ২১ তারিখে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।
প্রথম পর্বে দুটি গ্রুপ রয়েছে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া আর নেদারল্যান্ডস। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্ব থেকে ৪ দল যোগ দেবে সেরা ৮ দলের সঙ্গে। ১২ দল নিয়ে হবে সুপার-১২। বাংলাদেশকে প্রথম পর্ব পার হতে হবে।



