বিভ্রান্তি ছড়িয়ে প্রতারণায় লিপ্ত বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপি করোনা ভ্যাকসিন বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আশা করছিল, আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করোনা মোকাবিলা করতে পারবে না। কিন্তু আমরা যেভাবে মোকাবিলা করেছি, তা আজ সমগ্র বিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত। এরপর বিএনপি আশা করেছিল, সঠিক সময়ে টিকা আনা সম্ভব নয়। যখন সঠিক সময়ে টিকা চলে এলো, তখন তারা এই টিকা নিয়ে প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।’
তিনি বলেন, ‘ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকা পৃথিবীতে সবচেয়ে কার্যকর টিকাগুলোর অন্যতম এবং আমাদের জলবায়ুতে অত্যন্ত কার্যকর, যা ভারতে কোটি কোটি মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে এবং আগাম বুকিংয়ের মাধ্যমে নিয়ে এসে আমাদের দেশেও সরকার প্রয়োজনের নিরিখে অর্থাৎ ফ্রন্ট লাইন ফাইটারকে এই টিকা অগ্রাধিকারভিত্তিতে প্রথমে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘মির্জা ফখরুল সাহেব জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন, এই টিকার ওপর নাকি তাদের আস্থা নাই। অথচ এই টিকার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ পুরো পৃথিবীই আস্থা স্থাপন করেছে। ভারতের কোটি কোটি মানুষকে এবং পৃথিবীর অন্যান্য দেশও এই টিকা কিনে তাদের জনগণকে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরও বালখিল্য প্রলাপের মতো বলেছেন যে, এই টিকা প্রথমে প্রধানমন্ত্রীকে দেয়া হোক। মানুষ বুড়ো হলে অনেক সময় ‘ডিমেনসিয়া’ হয় তখন তারা আবোল- তাবোল বলেন। আমার সন্দেহ হচ্ছে, তার এ রোগ হলো কি না?’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো সরকারের সাফল্যে আপনাদের মুখ ম্লান হয়েছে বলে জনগণকে বিভ্রান্ত করার যে নোংরা খেলায় নেমেছেন, এটি দেশ জাতি জনগণের সাথে প্রতারণা। আপনারা দয়া করে সেই প্রতারণাটা করবেন না।’
বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্য ‘বিএনপিকে নিধনের জন্যই আগে টিকা দিতে চেয়েছেন তথ্যমন্ত্রী’ এ সংক্রান্ত প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘টিকা আসার খবরে বিএনপি বলেছিল, এই টিকা নিয়ে লুটপাট হবে। অর্থাৎ শুধুমাত্র ক্ষমতাবানদেরকে টিকা দেয়া হবে। সে প্রেক্ষিতেই বলেছিলাম যদি বিএনপি আগে টিকা চায়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো তাদেরকে আগে দেয়ার জন্য। এখন রিজভী সাহেবের কথায় মনে হচ্ছে, তারা হয়তো আদৌ টিকা নিতে চায় না। তাকে এবং তার মহাসচিবকে বলবো, জনগণকে বিভ্রান্ত করার নোংরা রাজনীতিটা বন্ধ করুন।’
জনপ্রতিনিধিরা আগে টিকা পাবে কি না- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অধিকার আগে নয়। যারা জনগণকে স্বাস্থ্য সেবা দেয়ার জন্য কাজ করছে, তাদের অধিকারটা আগে। তবে পথ দেখানোর জন্য ভলান্টিয়ার করতে আমার আপত্তি নাই।’


