বাংলাদেশ

চুরি হওয়া ফাইলে গোপন কিছু নেই: সচিব

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর বলেছেন, চুরি হওয়া ফাইলে তেমন গোপনীয় কোনো কিছু নেই।

রোববার (৩১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সচিব।

তিনি বলেন, ফাইলের তথ্য আমাদের অন্যান্য বিভাগেও আছে, কম্পিউটারেও আছে, ডিজি অফিসগুলোতেও আছে। এটা নিয়ে তেমন সমস্যা নয়। তবে মূল বিষয় হচ্ছে ফাইল মিসিং হওয়া!

নথি গায়েবের ঘটনায় সন্দেহের বিষয়ে সচিব বলেন, সন্দেহের বিষয়টা বলাটা কঠিন। কে এই কাজটি করেছে এটি বলা কঠিন। আমি মনে করি, আমরা সবাই সন্দেহের মধ্যেই আছি। আমরা পুলিশকে সেভাবেই বলেছি, তদন্তের জন্য সবাইকেই ইনক্লুড করতে, যাতে আমরা তথ্যটা জানতে পারি, সত্য উদঘাটন হয়।

সচিব বলেন, বৃহস্পতিবার একটা লকারের ড্রয়ার থেকে কিছু ফাইল মিসিং হয়েছে, এটা জানার পর আমরা সঙ্গে সঙ্গে অফিসারদের সেখানে পাঠাই। পরে আমরা নিশ্চিত হলাম যে, মিসিং হয়েছে।

তিনি বলেন, এর বাইরে সিআইডিকে অনুরোধ করি, বিষয়টা টেকআপ করার জন্য। আমাদের যে বিষয়টা ঘটেছে, এটা তো আমাদের উদ্ধার করতে হবে, যেভাবেই হোক। যারা এর সঙ্গে জড়িত, এটা খুঁজে বের করতে হবে। বিষয়টি কীভাবে হলো, কখন হলো। এটাই ছিল আমাদের মূল বিষয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের ১৭টি নথি গায়েবের ঘটনায় গত বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার এ জিডি করেন।

 

 

 

Related Articles

Leave a Reply

Back to top button