ভূরাজনীতি

বিএনপি নারীবিদ্বেষী ‘সেই অপশক্তির’ পৃষ্ঠপোষক: কাদের

ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি নারীবিদ্বেষী সেই অপশক্তিরই পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৯ মার্চ) ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী।’

‘এদেশের নারীরা অধিকার বঞ্চিত’- বিএনপি নেতাদের এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকারের উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত। যা ইতিমধ্যে আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি বয়ে আনছে।’

তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বিধানের পাশাপাশি দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনাবেতনে অধ্যয়নের সুযোগ করে দিয়েছে সরকার। সরাসরি ভোটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী প্রতিনিধি নির্বাচন হচ্ছে, জাতীয় সংসদে বাড়ানো হয়েছে সংরক্ষিত নারী আসন।’

নারী উদ্যোক্তা তৈরিতে জামানতবিহীন ঋণ প্রদান করা হয়েছে। চ্যালেঞ্জিং পেশায় বাড়ছে নারীদের অংশগ্রহণ বলেও জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘সন্তানের পরিচয় ও নিবন্ধনে বাবার পাশাপাশি মায়ের নাম যুক্ত করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের দিয়েছেন অনন্য স্বীকৃতি।’

তিনি বলেন, ‘৭৫ পরবর্তী বাংলাদেশে যত সরকার এসেছে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনাই প্রমাণ করেছেন তাঁর সরকার নারীবান্ধব সরকার।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার একদিকে নারীর প্রতি লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে যেমন কঠোর, অপরদিকে নারী উন্নয়নের সকল সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিতেও সচেষ্ট। এদেশের নারীরা বন্দি নয় বরং শেখ হাসিনা তাদের দেখিয়েছেন সম্ভাবনার মুক্ত আকাশ। তাদের হাতে হাতে এখন বিশ্বজয়ের প্রযুক্তি। ঘরে বসে আয় করছে লাখ লাখ নারী। গৃহকোণ থেকে মোবাইলে প্রতিমুহূর্তে যোগাযোগ করছে দেশ-বিদেশে, নিচ্ছে তথ্যসেবা।’

Related Articles

Leave a Reply

Back to top button