বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে, সতর্ক অবস্থানে পুলিশ

আজ সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
রোববার (২৯ অক্টোবর) ভোর ছয়টা থেকে শুরু হওয়া হরতাল চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
রাজধানীতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের পাশাপাশি অন্যান্য গণপরিবহনেরও কিছু উপস্থিতি দেখা গেছে। তবে এসময় সাধারণ মানুষের উপস্থিতি কম দেখা গেছে৷ চাকরিজীবী মানুষদের দেখা গেছে বেশি।
হরতালকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, মানুষের স্বাধীন চলাফেরায় কাউকে বাধা দিতে দেওয়া হবে না।
শনিবার (২৮ অক্টোবর) সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একই দিন হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া গণতন্ত্র মঞ্চসহ কয়েকটি দলও বিএনপির হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।



