
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করার পর এবার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এসেছে সংসদের সংরক্ষিত নারী আসন।
নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী, রমজান মাসের মধ্যেই ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস পাওয়া গেছে। জোটগত হিসাব অনুযায়ী, এর মধ্যে বিএনপির ভাগে পড়তে পারে ৩৭টি আসন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে বিজয়ী হয়। ফল ঘোষণা বাকি থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন।
এ ছাড়া স্বতন্ত্র হিসেবে জয়ী সাতজনই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া বিএনপি নেতা। ফলে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে বিএনপির সংখ্যা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেত্রী সক্রিয় তৎপরতা চালাচ্ছেন। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করে দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে লবিং-তদবির চালিয়ে যাচ্ছেন।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরাসরি প্রার্থী হয়ে মনোনয়ন বঞ্চিত বা পরাজিত হওয়া নেত্রীরা। পাশাপাশি তরুণ প্রজন্মের কয়েকজন নেত্রীও আলোচনায় উঠে এসেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড।
বিএনপির নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা জানিয়েছেন, রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক অবদান ও অভিজ্ঞতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে। একই সঙ্গে এবার তরুণ নেতৃত্বকে মূল্যায়নের সম্ভাবনাও রয়েছে।
আলোচনায় যারা
সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি ২০০১ সালে সংরক্ষিত নারী আসনের এমপি ও প্রতিমন্ত্রী ছিলেন।
এ ছাড়া আলোচনায় রয়েছেন সাবেক এমপি হেলেন জেরিন খান, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা, আফরোজ আব্বাস, শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি, আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হিরা, রেহেনা আক্তার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন ও নাজমুন্নাহার বেবী।
সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভিন ও কনকচাঁপার নামও আলোচনায় রয়েছে।
এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন হাসনা জসিম উদ্দিন মওদুদ, সাবেক এমপি রুমানা মাহমুদ, নিপুন রায় চৌধুরী, অপর্না রায়, হালিমা আলী জেবা আমিন, সেলিনা সুলতানা নিশিতা, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, সানজিদা ইসলাম তুলি, বিথীকা বিনতে হুসাইন, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, নিলুফা ইয়াসমিন মনি এবং অ্যাডভোকেট মিনা বেগম, নিলুফা ইয়াসমিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপিতে অনেক ত্যাগী ও সক্রিয় নেত্রী রয়েছেন। সবার মূল্যায়ন একসঙ্গে সম্ভব না হলেও দলীয় হাইকমান্ড খোঁজখবর নিচ্ছেন এবং যোগ্যদেরই মনোনীত করবেন।
দলীয় সূত্র বলছে, এবার সংরক্ষিত নারী আসনে প্রবীণ ও ত্যাগী নেত্রীদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণদেরও সুযোগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে নেতৃত্ব। তবে শেষ পর্যন্ত কারা সংসদে যাচ্ছেন, তা নির্ধারণ করবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।



