বাংলাদেশ

অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায় মিয়ানমার: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে মিয়ানমার ফায়দা লুটতে চায়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, কানাডা ও জাপানসহ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস প্রধানদের মিয়ানমারের সাম্প্রতিক আচরণ ও রোহিঙ্গা ইস্যুতে ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

খুরশেদ আলম বলেন, উদ্ভূত পরিস্থিতিতে মিয়ানমারকে আগে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরে আসিয়ানকে বলা হয়েছে। আজকে রাষ্ট্রদূতদের বলা হয়েছে। এটা চলতে দেওয়া যায় না। মিয়ানমার অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যেন কোনো ফায়দা লুটতে না পারে, সেজন্য রাষ্ট্রদূতদের তা বলা হয়েছে। বাংলাদেশ যেভাবে ধৈর্য নিয়ে মোকাবিলা করছে, তাতে রাষ্ট্রদূতরা প্রশংসা করেছে।

সব পর্যায়ে বাংলাদেশ যোগাযোগ করছে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, আজকে যারা এসেছিল তাদেরকে জানানো হয়েছে, এখন পর্যন্ত রোহিঙ্গাদের জায়গা দেওয়া হয়েছে। চরম ধৈর্য দেখাচ্ছে বাংলাদেশ। তাদের কোনো উসকানিতে পা দিচ্ছে না বাংলাদেশ। এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। সর্বস্তরে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চলমান উত্তেজনা পরিস্থিতি সম্পর্কে ঢাকায় অবস্থিত আসিয়ানের মিশন প্রধানদের জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতরে মর্টার শেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় ঢাকার গভীর উদ্বেগের কথা তিনি আসিয়ান দূতদের জানান।

আসিয়ানের দূতরা বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের উদ্বেগের বিষয়টি তাদের নিজ নিজ দেশের সরকারকে জানাবেন বলে আশ্বস্ত করেছেন।
এদিকে সোমবার ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে আলোচনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে মিয়ানমার। দেশটি এই ঘটনার জন্য আরাকান আর্মির পাশাপাশি রাখাইনের সশস্ত্র সংগঠন আরসার ওপর দায় চাপিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button