বাংলাদেশ

বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন চায় যুক্তরাজ্য

বাংলাদেশে একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য।

বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসঙ্ঘ ও দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ, সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক লেকচার শেষে সাংবাদিকদের এ প্রত্যাশার কথা বলেন।

তারিক আহমেদ বলেন, নানান চর্চার মাধ্যমেই গণতন্ত্র স্থির হয়। বাংলাদেশ কোন দিকে যাবে, সেটা এ দেশের জনগণই ঠিক করবে। তবে কোনো দেশের উন্নয়ন ধরে রাখতে হলে অংশগ্রহণমূলক রাজনীতি আবশ্যক।

তিনি বলছেন,  ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের নেতৃত্বকে স্বাগত জানায় যুক্তরাজ্য। বাংলাদেশ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) চেয়ারের দায়িত্ব পেতে চলেছে। আমরা আশা করি- বাংলাদেশ খুব ভালোভাবে এর নেতৃত্বের মধ্য দিয়ে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। এই সঙ্কট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। জানান এই খাতে যুক্তরাজ্য আর ৫৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন যুক্তরাজ্য ভ্রমণের রেড লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানান। আশা প্রকাশ করেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে দুই দেশের সম্পর্কে আরও অগ্রগতি হবে।

লর্ড আহমেদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর যৌন সহিংসতা প্রতিরোধবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োজিত রয়েছেন। চারদিনের সফরে রোববার তিনি ঢাকায় আসেন।

Related Articles

Leave a Reply

Back to top button