বর্ণবাদবিরোধী বিক্ষোভে সমর্থন জানালেন সাবেক ৪ মার্কিন প্রেসিডেন্ট

কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ জনতার বিক্ষোভকে সমর্থন জানিয়ে বর্ণবাদের বিরুদ্ধে সরব হলেন চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তারা হলেন- বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিন ক্লিনটন ও জিমি কার্টার। তারা সকল প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতাকে মোকাবিলা করে যুক্তরাষ্ট্রকে সঠিক পথে পরিবর্তন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার জাতিগত নিপীড়ন ও এর সমাধান প্রসঙ্গে ভার্চুয়াল টাউন হল আলোচনা সভায় দেয়া বক্তব্যে মার্কিনীদের অনিশ্চয়তা ও কষ্টের দিকগুলো তুলে ধরেন বারাক ওবামা।
এদিকে বর্ণবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে রিপাবলিকান পার্টির নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ লেখেন- ‘আমি এবং আমার স্ত্রী লরা দেশে চলমান দমন ও নিপীড়ন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এটাই সময়, দেশের বঞ্চিত ও নিপীড়িতদের সঠিক দৃষ্টি দিয়ে ব্যর্থতাকে নিরীক্ষণ করা।
বুশ লিখেন- ‘এর চেয়েও আরও ভালো উপায় হলো- সহানুভূতি, প্রতিশ্রুতি, সাহসী পদক্ষেপ ও ন্যায়বিচারের মাধ্যমে শান্তি।’
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট বিন ক্লিনটন গেল সোমবার এক বিবৃতিতে লিখেছেন- ‘মার্টিন লুথার কিং জুনিয়রের স্বপ্ন ছিল, কোনও মার্কিনীকে তার গায়ের রং দিয়ে বিচার করা হবে না। অথচ যা আজ অসম্ভব মনে হচ্ছে। জর্জ ফ্লয়েডের মৃত্যু বুঝিয়ে দেয় যে, প্রতিটি ক্ষেত্রে একজন মানুষের মূল্যায়ন তার বর্ণপরিচয় নির্ধারণ করে দেয়।’
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার গতকাল বুধবার এক পৃথক বিবৃতিতে লিখেন- ‘জনগণের শক্তি ও নৈতিক বিবেকসম্পন্ন মানুষকে অবশ্যই বর্ণবৈষম্যমূলক পুলিশ, বিচারব্যবস্থা, সাদা ও কালোদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য এবং সরকারের পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
দেশের জনগণের মতোই একটি ভালো সরকার দেশে প্রয়োজন বলেও বিবৃতিতে উল্লেখ করেন কার্টার।
উল্লেখ, গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ সদস্য ডেরেক চাওভিন। এর পর থেকেই বিক্ষোভে জনগণ।



