বাংলাদেশ

বন্যাদুর্গত সিলেট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সিলেট যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইহসানুল করিম বলেন, ‘আগামী মঙ্গলবার সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। তবে এখনও সময় চূড়ান্ত হয়নি।’

সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার কথা রয়েছে। তাকে বহনকারী হেলিকপ্টারটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দরে তিনি সিলেটের প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা দেবেন।

তবে প্রধামন্ত্রীর সফরের বিস্তারিত সময়সূচি এখনো পাওয়া যায়নি বলে জানান শফিকুর রহমান চৌধুরী। সফরকালীন আর কোনো কর্মসূচি আছে কি-না তা সফরসূচি পাওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেট ও সুনামগঞ্জবাসী। সিলেটের পাঁচটি উপজেলার ২০টি শহর পানির নিচে নিমজ্জিত আছে। সিলেট ও সুনামগঞ্জের ৮০ শতাংশ জায়গা বন্যার কবলে পড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button