প্রতিবাদ না করে ধৈর্য ধারণ করতে দেশবাসীর প্রতি আহ্বান কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সারা দেশে একের পর এক নারী নিপীড়ন ও ধর্ষণ-গণধর্ষণের ঘটনায় ‘প্রতিবাদ না করে ধৈর্য ধারণ’ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি সবাইকে বলবো ধৈর্য ধরতে, প্রতিবাদ করার দরকার নেই। সরকার ঘটনার সাথে জড়িতদের বিচার করছে, কাউকে রেহাই দিচ্ছে না। যে বিচারের দাবিতে প্রতিবাদ করা হচ্ছে, সেই বিচার তো সরকার করছেই। ফলে প্রতিবাদের দরকার নেই। সরকারই তো অপরাধীদের বিচারের আওতায় আনছে।’
মঙ্গলবার (৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, ‘ধর্ষণ এক ধরনের সামাজিক ব্যাধি, এটিও এক ধরনের সন্ত্রাস বটে। সরকার ধর্ষণ, হত্যার সাথে জড়িত কোনও অপরাধীকে কখনেও ন্যূনতম ছাড় দেয়নি। ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে।’
বলেন, ‘অপরাধী যেই হোক, তার আসল পরিচয় দুর্বৃত্ত। দুর্বৃত্তের দলীয় কোনও পরিচয় নেই। অপরাধীর ব্যাপারে দেশরত্ন শেখ হাসিনা জিরো টলারেন্স। আমরা আন্দোলনের রাজনৈতিক ইস্যু তুলে নিতে কাউকে এলাউ করিনি। সরকার স্বপ্রণোদিত হয়েই সর ধরনের অপরাধের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে। সাম্প্রতিককালে বেশকিছু বিচারকার্য সম্পন্ন হয়েছে।’
ধর্ষণ নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা (বিএনপি) এসব অপবাদ দেন, তারা ক্ষমতায় থাকতে বাংলাদেশে একটা ধর্ষণকাণ্ডেরও কি বিচার হয়েছে? তখন সারা দেশে ধর্ষণের যে একটা অবস্থা সৃষ্টি হয়েছিলো, তখন আপন লোকদের বিচার না করে তারা দোষ চাপিয়ে দিয়েছিলো আওয়ামী লীগের ওপর। এখানে কোনও আপস নেই, কোনও প্রকার ছাড় দেয়া হবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



