বাংলাদেশ

পাহাড়ে রক্তপাত বন্ধে সব কিছুই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পাহাড়ে রক্তপাত, হানাহানি ও চাঁদাবাজি বন্ধে যা কিছু করা প্রয়োজন, সরকার তার সব কিছুই করবেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জেলার মানুষ শান্তিপ্রিয়। এখানে আমরা আর কোনো রক্তপাত হতে দেব না। এখন লক্ষ্য হবে এটাই।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাঙ্গামাটি শহরের সুখীনীলগঞ্জ পুলিশ লাইনসে ডিআইজি আর্মড পুলিশ ব্যাটালিয়নস ও তিন পার্বত্য জেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, পাহাড়ের মানুষগুলোর নিরাপত্তায় পুলিশ বাহিনী তাদের পাশে থাকবে। জানান সন্ত্রাসী, চাঁদাবাজি ও যারা রক্তপাত ঘটাচ্ছে তাদের আইনের মুখোমুখি করা হবে।

অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের উদ্দেশে আসাদুজ্জামান খান বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন এমপিসহ আরও যারা এসেছেন সবাইকে একতাবদ্ধ হতে হবে। বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চান পাহাড়ঘেরা এই তিন জেলা সুন্দর, শান্তির এবং শৃঙ্খলের হোক। আপনাদের সহযোগিতায় কেবল এটি সম্ভব। পার্বত্য চট্টগ্রামে রক্তপাত ও চাঁদাবাজি বন্ধে যা যা করা দরকার আমরা তার সবই করব।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাঙ্গামাটির সংসদ সদস্য (এমপি) দীপংকর তালুকদার, খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সংরক্ষিত নারী আসনের এমপি বাসন্তী চাকমা। এ ছাড়া বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন।

Related Articles

Leave a Reply

Back to top button