পাকিস্তানে আশুরার মিছিলে বোমা হামলা; নিহত ৩, আহত ৫০ জনের অধিক

পবিত্র আশুরা উপলক্ষে পাকিস্তানে শিয়া মুসলিমদের এক মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩ জন , আহত হয়েছেন ৫০ জনের বেশি। বার্তাসংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
পাঞ্জাব প্রদেশের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এএফপিকে হামলার বিষয়ে জানিয়েছেন। বাহাওয়ালনগরের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হোসেনও এএফপিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিস্ফোরণের ধরন এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।’
বিস্ফোরণের ফলে আহত, রক্তাক্তদের সড়কে পড়ে থাকার ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে দেশটির বড় শহরগুলোতে মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ফলে বৃহস্পতিবার পাকিস্তানের অনেক শহরের বাসিন্দারা মোবাইল ফোনের নেটওয়ার্ক পাচ্ছেন না। যেসব সড়কে আশুরার মিছিল অনুষ্ঠিত হয় সেগুলোও আপাতত বন্ধ রাখা হয়েছে।
পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ২০ শতাংশ শিয়া মুসলিম। হাজার বছর ধরে উপমহাদেশে সুন্নি ও শিয়া মুসলিমরা মিলে মিশে থাকলেও গত প্রায় দু’দশক ধরে পাকিস্তানে বিভিন্ন সময়ে হামলার শিকার হচ্ছেন শিয়ারা।
শিয়াদের প্রতি পাকিস্তানের কট্টরপন্থি সুন্নি মুসলিম সংগঠন ও নেতাদের অসহিষ্ণু মনোভাব থেকেই এই হামলাসমূহ হচ্ছে বলে জানিয়েছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।



