বাংলাদেশ

মা ও সন্তানদের দেখভাল করার শর্তে মুক্তি পেলো আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত একজন আসামিকে পরিবারের সাথে থেকে তাদের যত্ন করার মাধ্যমে সংশোধনের বিরল সুযোগ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার, বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ একটি মাদকের মামলায় এই রায় দিয়ে বেশ কয়েকটি শর্ত নির্ধারণ করে দিয়েছেন।

শর্তের মধ্যে রয়েছে, কারাগারের বাইরে থাকার সময় সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে তার ৭৫ বছরের মায়ের যত্ন করতে হবে। সেই সঙ্গে দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আইনানুগ বয়স হওয়ার আগে মেয়েকে বিয়ে দিতে পারবেন না।

এসব শর্তের লঙ্ঘন করা হলে তাকে কারাগারে যেতে হবে।

এর সঙ্গে আরও শর্ত রয়েছে যে, তার আচরণ ভালো হতে হবে, অন্য কোন অপরাধের সাথে জড়িত হতে পারবে না। এসব শর্তের লঙ্ঘন করলে তাকে পুনরায় কারাগারে গিয়ে বাকি সাজা ভোগ করতে হবে।

রায়ের পর আইনজীবী শিশির মুহাম্মদ মনির সাংবাদিকদের বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামি মতি মাতবরের পাঁচ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলার রায়ে আসামির সাজা বহাল রেখে প্রবেশন দিয়েছেন আদালত। এটি বাংলাদেশের ইতিহাসে প্রবেশন আইনে হাইকোর্টের দেওয়া দ্বিতীয় রায়। বিশেষ আইনে এটি প্রথম রায়, যা অত্যন্ত আশাব্যঞ্জক এবং যুগান্তকারী।

তিনি আরও বলেন, হাইকোর্ট বলেছেন জেলে নয়, দণ্ডিত আসামিকে পরিবারের সঙ্গে থাকার শর্তে পাঁচ বছরের দণ্ড স্থগিত করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে প্রবেশনের সুযোগ চেয়ে করা আবেদন গ্রহণ করে আসামির রিভিশন খারিজ করে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button