দুই লাখ পাঁচ হাজার কোটির এডিপি খসড়া অনুমোদন

পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে ২০২০-২১ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। নতুন এডিপির আকার দুই লাখ পাঁচ হাজার ১৪৫ কোটি টাকা।
মঙ্গলবার কমিশনের বর্ধিত সভায় নতুন এই এডিপির খসড়া উত্থাপন করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
দুই লাখ পাঁচ হাজার ১৪৫ কোটি টাকার মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে এক লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা ও বৈদেশিক সহায়তা থেকে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা খরচ করা হবে।
চলতি ২০১৯০-২০ অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১২ হাজার ২২৪ কোটি টাকা বেশি ধরা হয়েছে নতুন এডিপিতে। ফলে নতুন এডিপিতে ৬ দশমিক ৩৪ শতাংশ বেশি বরাদ্দ রাখা হয়েছে।
নতুন এডিপিতে ৬ দশমিক ৩৪ শতাংশ বেশি বরাদ্দ দেয়া হয়েছে। সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহন খাতে প্রায় ২৫ দশমিক ২৫ শতাংশ, টাকার হিসেবে ৫২ হাজার ১৮৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ভৌত অবকাঠামো খাতে ২৫ হাকার ৭৯৫ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৮০৪ ও চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাতে, ২৩ হাজার ৩৯০ কোটি টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ৪৫৮, পল্লী উন্নয়ন খাতে ১৫ হাজাট ৫৫৫, স্বাস্থ্যখাতে ১৩ হাজার ৩৩, কৃষিখাতে আট হাজার ৩৮২, পানিসম্পদ খাতে পাঁচ হাজার ৫২৭ ও জনপ্রশাসন খাতে চার হাজার ৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
করোনাভাইরাসের কারণে আগামী ২০২০-২১ অর্থবছরের এডিপিতে কমছে উন্নয়ন প্রকল্প। বরাদ্দসহ অনুমোদিত প্রকল্পে যুক্ত হচ্ছে এক হাজার ৫৮৮টি (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ছাড়া)। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে এর পরিমাণ ছিল এক হাজার ৭৪৪টি। ফলে নতুন অর্থবছরে কমছে ১৫৬টি উন্নয়ন প্রকল্প।



