পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড

পদ্মা সেতু দিয়ে গত এক দিনে টোল আদায়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ২০৪টি যান পারাপারে টোল ওঠে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।
জানা গেছে, মাওয়া প্রান্ত থেকে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত থেকে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে নগদ টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ৭০ হাজার ৮৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমে (ইটিসিএস) টোল জমা হয়েছে এক হাজার ৫০০ টাকা।
পদ্মা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে সর্বোচ্চ টোল আদায় হয় গত বছরের ২৭ জুন। সেদিন ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপারে চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন যানবাহন পারাপারের জন্য সেতুটি খুলে দেয়া হয়। সেদিন পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬ যানবাহন পাড়ি দেয়।



