বাংলাদেশ

৫ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবে : সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হচ্ছে। আরও ৫০ লাখ লোককে রেশন কার্ড দিতে নির্দেশ দেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে এক কোটি লোক খাদ্য সহায়তা পাবেন। আর এই এক কোটি লোকের পরিবারের সদস্য সংখ্যা যদি পাঁচজন হয়, তাহলে পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবেন।

শনিবার (১৮ এপ্রিল) জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি সংসদের সপ্তম এ অধিবেশন বিকেল ৫টায় শুরু হয়।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। আমার কাছে দেশের মানুষের কল্যাণটাই সব থেকে বড়। তাই করোনা পরিস্থিতিতে উৎসবটা সেভাবে করিনি। ধরনের উৎসব রেডিও টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে উদযাপন করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে করোনা আসার সম্ভান পেয়েই আমরা নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশে করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর যথাযথ কাজ করছে। করোনা চিকিৎসা সরকারিভাবে করা হচ্ছে। দেশের সব জায়গায় এখন করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় ব্যতিক্রমী এ অধিবেশন শুরু হয় বাছাইকৃত সংসদ সদস্যদের (এমপি) নিয়ে। সম্ভব সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন এমপিরা। এসময় তাদের অধিকাংশের মুখে মাস্ক ও হাতে গ্লাভস দেখা যায়।

এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা সংবিধানে রয়েছে। সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিল সংসদের অধিবেশনটি বসলো।
মানুষ সামাজিক দূরত্ব মেনে চলতে চায় না- এমন উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখনো বাংলাদেশ অন্য দেশ থেকে ভালো আছি। তবে আমি একটু আমার দেশের মানুষকে বলবো, আসলে আমাদের দেশের মানুষ যে এত সাহসী হয়ে গেছে। বউ নিয়ে বেড়াতে গেল শ্বশুরবাড়ি শিবচর, সেখান থেকে টুঙ্গিপাড়ায় গিয়ে হাজির। আমরা সবাইকে বলি, যে যেখানে আছেন সেখানেই থাকেন।’

সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সকলেই আল্লাহর কাছে দোয়া করেন। কাবা শরিফ মদিনা শরিফেও কারফিউ দেওয়া হয়েছে। কাজেই মসজিদে না গিয়ে ঘরে বসে আল্লাহকে ডাকেন। যেন আমরা বিশ্ববাসী এই ভাইরাস থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি, স্বাভাবিক কাজে ফিরতে পারি।’

শেখ হাসিনা বলেন, ‘এই ভাইরাসটি মুখ থেকে আসে। কথা থেকে ছড়ায়। এই যে এখানে সংসদ সদস্যরা সবাই মাস্ক পরে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন। নিজে সুরক্ষিত থাকেন। অপরকেও সুরক্ষিত রাখেন।’

সরকারপ্রধান বলেন, ‘আমরা প্রাকৃতিক অনেক বড় দুর্যোগ মোকাবিলা করেছি। কিন্তু স্বাস্থ্যখাতে এত বড় ঝড় আমরা মোকাবিলা করিনি।’

মহামারি নভেল করোনাভাইরাস মোকাবেলায় সারা দেশে অচলাবস্থার মধ্যে সংবিধানের ‘নিয়ম রক্ষায়’ শুরু হয় জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। শনিবার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button